বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা বটতলা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সৈয়দ সোহরাব আলী সহস্রাইল বাজারের একজন রড ও সিমেন্ট ব্যবসায়ী। বুধবার তিনি আকিজ সিমেন্টের ডেলিভারি অর্ডার (ডিও) করার উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ছত্রকান্দা বটতলা এলাকায় পৌঁছালে ৬ থেকে ৮ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহরাব আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী বলেন, “আমি সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ব্যবসার ডিও করার জন্য টাকা নিয়ে আলফাডাঙ্গার উদ্দেশ্যে রওনা হই। ছত্রকান্দা মোড়ে পৌঁছানোর সময় হঠাৎ ৬ থেকে ৮ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে, আমার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমার মোটরসাইকেলেও হামলা চালানো হয়েছে। আমি আমার হারানো টাকা ফেরত এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

















