শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা উচিত।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।
রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “আজকে একটা ইন্টারভিউয়ে আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”
তিনি বলেন, “এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কীভাবে আসবেন। তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার করবেন কি করবেন না—এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে। সরকার ঠিক করবে তাঁকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।”
মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, “আমি মনে করি, এটাও দেশের স্থিতিশীলতার জন্য বড় একটা উদ্যোগ হবে। এ সরকারের দ্রুত রায়টি কার্যকর করা উচিত। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না।”
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব, অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”
শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটা দিল্লির নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাঁকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন।”
হাসানুল হক ইনুর রায় নিয়ে নাহিদ ইসলাম বলেন, “হাসানুল হক ইনুর রায় বিচারব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা পাইনি।”




















