সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনের অবস্থান
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাট।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচির প্রথম দিনের অবস্থান পালন করা হয়।
আন্দোলনকারীরা বলেন, জেলার অধিকাংশ সরকারি খাল দীর্ঘদিন ধরে ব্যক্তি ও প্রভাবশালী গোষ্ঠীর দখলে রয়েছে। খালগুলোতে বাঁধ ও পাটা বসিয়ে মাছ চাষ করায় স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি, কৃষিজমিতে সেচে সমস্যা, নৌযান চলাচলে বিঘ্ন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে সরকারি খাল দ্রুত দখলমুক্ত করা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, খালের সীমানা সংরক্ষণ এবং পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের দাবি, সাতফুলের খাল, ইমামবাড়ী খাল, খুন্তাকাটা খাল, মান্দারতলা খাল, রাম বাবুর খাল, বাদুখালীর খাল, পদ্মবিল-আমতলা খাল ও হোজির খালসহ জেলার বিভিন্ন সরকারি খাল দ্রুত দখলমুক্ত করতে হবে।
অ্যাক্টিভিস্টা বাগেরহাটের প্রতিনিধি শেখ ইমরান বলেন, প্রবাহমান খাল জনগণের জন্য উন্মুক্ত থাকা উচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। খাল দখলের কারণে কৃষি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, সরকারি খাল দখলের কারণে কৃষি, পরিবেশ ও সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালগুলো দখলমুক্ত করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।














