হবিগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে ও সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং বেঙ্গাডোবা গ্রামের মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
আহতরা হলেন, বেঙ্গাডোবা গ্রামের তাকলিমা বেগম (৪০), লাওয়া মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)সহ আরও একজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওনা দেন সিএনজি চালক আক্কাছ মিয়া। পথে সংযোগ সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পর দক্ষিন বেজুড়া এলাকায় একটি ব্রিজের উপর সিলেটগামী একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ, পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।














