কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রাম
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
মাত্র কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার দুপুরের পর শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে নগরীর প্রবর্তক মোড় এলাকায় কোমর সমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রবর্তক মোড় ছাড়াও চকবাজার, রহমতগঞ্জ, বহদ্দারহাট, শুলকবহর, মুরাদপুর ও কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিচতলা। ড্রেনের ময়লা ও আবর্জনা পানির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তকের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলাবদ্ধতা নিরসনের কাজ করছে, যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, দ্রুত পানি নামার বিকল্প ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রামসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রামে আগামী চারদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, জলাবদ্ধতার কারণে রাস্তায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন। বৃষ্টির পানিতে রাস্তা ও ফুটপাত মিশে একাকার হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে।নগরবাসীর মতে, খাল-নালা ভরাট ও অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এই নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ না থাকলে এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে না বলে মনে করছেন সচেতন মহল।

















