কুষ্টিয়ার পদ্মায় টহল পুলিশের উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে দুর্বৃত্তদের গুলিবর্ষণে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ক্যাম্পের একটি দল নৌকায় পদ্মা নদীর হরিপুর পয়েন্টে অভিযানে যায়। এ সময় ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া একদল সশস্ত্র অপরাধী পুলিশকে লক্ষ্য করে আকস্মিক গুলি চালায়।
পুলিশ জানান, লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় এই হামলার শিকার হয়। গুলিতে পাঁচ পুলিশ সদস্য এবং তাদের বহনকারী নৌকার মাঝিও আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, পরিদর্শক শফিকুল ইসলাম (ক্যাম্প ইনচার্জ), কনস্টেবল এনামুল হক, কনস্টেবল শাহিনুর হক, কনস্টেবল নাজমুল হাসান ও কনস্টেবল মানিক মিয়া।
হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কনস্টেবল শাহিনুর হকের চোখে গুলি লাগায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
এসপি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলাকারীদের ধরতে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করতে পাবনা জেলা পুলিশ, কুষ্টিয়া জেলা পুলিশ এবং নৌ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

















