কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া ইয়াসমিন তৃষার (১৫) মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে রিইব। মঙ্গলবার (৭ জুলাই) তৃষার বাড়িতে গিয়ে সংগঠনটির প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায় এবং সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ ময়নাতদন্ত, প্রকৃত দোষীদের বিচার নিশ্চিতকরণ ও আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।
এ সময় তৃষার (১৫) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ ময়নাতদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তাঁর বাবা আলমগীর হোসেন। একই সঙ্গে ঘটনার পর থেকে তাঁদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রিইব এনজিওর সিএসও কমিটির সভাপতি মো. হারুনার রশীদ বুলবুল ও সহসভাপতি প্রদীপ কুমার মোদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তৃষার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রিইব এনজিওর এরিয়া কো-অর্ডিনেটর হোসনেয়ারা খানম লাবনী ও উজ্জ্বল কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
তৃষার বাবা আলমগীর হোসেন প্রতিনিধি দলকে বলেন, “আমার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ ময়নাতদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।”
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুন বলেন, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ কাজ করছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
















