কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর শিক্ষক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা সিএমএইচ এর প্রাক্তন উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রাক্তন চীফ ফিজিশিয়ান জেনারেল ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পের আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, করপোরাল নুরুল ইসলাম, করপোরাল আমিনুর রহমান, সার্জেন্ট আব্দুল জব্বার, করপোরাল আব্দুল খালেক, করপোরাল রুহুল আমীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী চিংড়া থেকে চিকিৎসা নিতে আসা হার্টের রোগী তবিবুর রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে দীর্ঘদিন যাবত চিকিৎসা গ্রহণ করছি আল্লাহর রহমতে বর্তমানে আমি সুস্থ আছি। নতুন মুলগ্রাম থেকে চিকিৎসা নিতে আসা খলিলুর রহমান বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবালের কাছ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গত দেড় মাস আগে চিকিৎসা গ্রহণ করি তার ধারাবাহিকতায় আজকেও চিকিৎসা সেবা নিতে আসছি তার দেওয়া পরামর্শ ও ওষুধ খেয়ে বর্তমানে সুস্থ আছি।
দুর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানান এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান রাখার আহ্বান জানান।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, গত মাসের ন্যায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প পুনরায় শুরু হয়েছে এবং প্রতি দুই মাসে একবার করে নিয়মিত আয়োজন করা হবে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. সৈয়দ আসিফ ইকবাল বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) এর মাধ্যমে কেশবপুরবাসীর জন্য আমার এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কেশবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষ কে উন্নত চিকিৎসা, পরামর্শ ও শারীরিক কসরতের মাধ্যমে সবাই সুস্থ করার চেষ্টা অব্যাহত রয়েছে।















