গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবার জব্দ, আটক ১
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বড় ধরনের মাদক পাচার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল এসআই মিলন কুমার মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-জকিগঞ্জ সড়কের থানা সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সন্দেহভাজন এক যাত্রীর গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মো. নাজিম উদ্দিন (২৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলা কেওয়ানি পাড়া গ্রামের মৃত আশিক আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, “মাদক পাচারকারীরা নানা কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় তাদের সেই অপচেষ্টা সফল হচ্ছে না।”
এদিকে, স্থানীয় সচেতন মহল পুলিশের এমন সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে। তারা মনে করছেন, ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।















