গৌরীপুরে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার ( ১১ মে) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইয়াসিন ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিন ও শাহানা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ওই তরুণীর বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে ইয়াসিন তাঁদের বসতঘরে প্রবেশ করেন। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যায় বাবা-মা বাড়িতে ফিরলে ওই তরুণী ইশারা-ইঙ্গিতে তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সোমবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই গৌরীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াসিনকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান , এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















