গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় উপজেলায় ২ হাজার ৩৬ মেট্রিক টন ধান ও ১৭ হাজার ৯৩৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল প্রতি কেজি ৪৮ ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। অভিযানের আওতায় ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও ১৫ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চাল সংগ্রহ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলো। লটারিতে প্রাপ্ত ৬৮৩ জন কৃষক আগামী দেড় মাস ধান চাল দিতে পারবেন। পরবর্তীতে উন্মুক্তভাবে কৃষকরা ধান দিতে পারবেন। সকলের সহযোগিতায় ধান চাল সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি প্রত্যাশা করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবায়দুর রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাল হোসেন, শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান পাঠান, গৌরীপুর অটো মেজর হাসকিং রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, রাইস মিল মালিক মাহবুবুল আলম ফারুখ, আঞ্জুমান আরা, সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল , পাপন বসাক, জামাল ইসলাম প্রমুখ।














