জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি অপু
- আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
গতকাল সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁরা এ নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।















