ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে যুব ফোরাম
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক যুব ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় নাফ ইয়ুথ পিস ক্যাফেতে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে SHED ও ActionAid-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ‘বাংলাদেশ ও মিয়ানমারে যুব-নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
‘নিরাপত্তার কণ্ঠস্বর: নারীর নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বিষয়ক যুব ফোরাম’ শীর্ষক এ আয়োজনে রোহিঙ্গা ও বাংলাদেশি নারী সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নারী নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়।
নারীকেন্দ্রিক এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান পরিচালনা করেন SHED-এর প্রতিনিধি আসিফ মাহমুদ। তিনি বলেন, নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি, সামাজিক সম্প্রীতি ও নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় বিভিন্ন ইয়ুথ পিসবিল্ডার দলের পিস চ্যাম্পিয়ন ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন লেদা পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন বিবি জান, চৌধুরীপাড়া পিস চ্যাম্পিয়ন কাকন দাশ, দমদমিয়া পিস চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া এবং আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার দলের পিস চ্যাম্পিয়ন হালিমা আক্তার।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রোহিঙ্গা ও বাংলাদেশি নারী সদস্যরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, নারী ও যুবসমাজকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
















