নগরকান্দা উপজেলার তালমা বাজারে অভিযান, জরিমানা
- আপডেট সময় : ২৭২ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত সোমবার (৩ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শাবরীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ সময় বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই-বাছাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানো এবং অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।















