নড়িয়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রীর
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী। ঘটনাটি ঘটেছে গত ৫ মে রাতে নড়িয়া পৌরসভার লোনসিং খারাকান্দী এলাকায়। এ ঘটনায় নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হামিদ সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. দিদার সরদারের সঙ্গে লোনসিং এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে ফারজানা আক্তারের ২০২২ সালের ৬ অক্টোবর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী দিদার সরদার অভিযোগ করেন, গত ৫ মে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে আসার তিনদিন পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি লোনসিং এলাকায় বেড়াতে যান। সেখানে অবস্থানকালে রাতের কোনো একসময় পরিবারের সবার অগোচরে তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
এসময় তার উপার্জিত নগদ ২ লাখ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
দীর্ঘদিন প্রবাসে কষ্ট করে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিদার সরদার। তিনি বলেন, “স্ত্রীকে বিশ্বাস করেই সংসার করছিলাম। কিন্তু সে আমাকে নিঃস্ব করে চলে গেছে।”
এ ঘটনায় নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্বামী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।















