নোয়াখালীতে রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার ১
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে, সোমবার সকালে নিহতের মা যোবেদা খাতুন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত রাকিব খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের কাজে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে রাকিবকে হত্যা করে এবং তার ছোট ভাইকে আহত করে।
ঘটনার পরদিন রোববার নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বসতঘর ও রান্নাঘরসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে পুলিশের উপস্থিতিতে রাকিবের মরদেহ দাফন করা হয়।
ওসি মো. শামসুজ্জামান জানান, এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















