ফতেহপুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়া (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় পাঁচ দিন পর গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হয়।
নিহতের ছেলে সাবের আহমদ জানান, নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তার ছেলে জাবের আহমদ চট্টগ্রামে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।













