সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদরে জাঁকজমকপূর্ণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের কৃষি খাতকে আধুনিক, বাণিজ্যিক ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পার্টনার কংগ্রেস’। গতকাল বুধবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প, ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাসান হাফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, সনাতন কৃষি থেকে বেরিয়ে এসে কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং পুষ্টিমান নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এতে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ফরিদপুর ভাজনডাঙ্গা হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরহাদুল মিরাজ। তিনি মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কংগ্রেসে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রকল্পের আওতাভুক্ত কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় কৃষকরা তাদের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে একাত্মতা প্রকাশ করেন।
এই কংগ্রেসের মাধ্যমে ফরিদপুরের কৃষি ও কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক অর্জিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা আক্তার শাপলা।


















