বজ্র ও বৃষ্টিপাতের সময় উজানে উঠা মাছ শিকারে গিয়ে মৃত্যু
- আপডেট সময় : ২৮৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে বজ্র ও বৃষ্টিপাতের সময় উজানে উঠে আসা মাছ শিকার করতে গিয়ে মো. সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের সময় মো. সাঈদ বাড়ির পাশের ধানক্ষেতে মাছ শিকার যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা ধানক্ষেতের পাশে একটি গাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পাশে থাকা গাছটিও বজ্রপাতে ক্ষতিগ্রস্থ হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”















