বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত
- আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা নামক স্থান থেকে অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে তাদের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকার গহীন অরণ্যে ছেড়ে দেয় অপহরণকারীরা।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ ৬ শ্রমিককে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সশস্ত্র অপহরণকারীরা রাতের আধারে শ্রমিকদের ধরে নিয়ে যায় এবং পরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিভিন্ন দেনদরবারের পর ৫০ হাজার টাকা প্রদান করার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।
এদিকে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ শ্রমিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণকারীদের কোনো অর্থ প্রদান করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে।







