মরিচ্যায় এপিবিএন সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে ২০ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় এক যাত্রীর ঘাড়ে ঝুলানো ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি খুলে দেখা হয়। পরে ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থলেই সংশ্লিষ্ট এপিবিএন সদস্যকে আটক করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাদকবিরোধী অভিযানে নিয়োজিত বাহিনীর এক সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, “আইনের রক্ষক যদি নিজেই অপরাধে জড়ান, তাহলে সাধারণ মানুষ কার কাছে নিরাপত্তা খুঁজবে?”
বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে কোনো মাদক সিন্ডিকেট বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনা আবারও প্রমাণ করেছে—মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই; অপরাধী যে-ই হোক, পরিচয়ের চেয়ে অপরাধকেই গুরুত্ব দেওয়া হবে।
















