“ম্যাডাম’ সম্বোধনে ক্ষিপ্ত এসআই! শেরপুর থানায় যুবক আটক, পরে মুচলেকায় মুক্তি”
- আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর থানায় এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক। থানায় দায়িত্বরত এক নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে। জানা যায়, শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে নুর মোহাম্মদ মামুন (৩০) তার গ্রেপ্তারকৃত বন্ধু মজনুকে দেখতে শেরপুর থানায় যান।
থানায় প্রবেশ করে ডিউটি অফিসারের অনুমতি নিতে গেলে দায়িত্বরত এসআই রোকসানাকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেন মামুন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে এসআই রোকসানা তাকে থানার ভেতরেই প্রায় দেড় ঘণ্টা আটক রাখেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈনউদ্দিন ঘটনাস্থলে এসে একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে এসআই রোকসানা বলেন, “সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। ছেলেটি আমাকে হ্যারেজমেন্ট করেছে। সেটি ইভটিজিং না অন্য কোনো নেতিবাচক আচরণ—তা তদন্তে স্পষ্ট হবে।”
অন্যদিকে, শেরপুর থানার ওসি মোঃ মঈনউদ্দিন জানান, “বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, “থানার ভেতরে একজন নারী পুলিশ কর্মকর্তাকে ইভটিজিং করা হয়েছে—এটা বিশ্বাসযোগ্য মনে হয় না।”
ঘটনাটি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—একটি সাধারণ সম্বোধন কি করে এমন পরিস্থিতির জন্ম দিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয়রা।








