সুবর্ণচরে বজ্রপাতে গরু নিহত, ক্ষতিগ্রস্ত খামারি
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। এতে স্থানীয় এক খামারি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার (২৭এপ্রিল) দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় উপজেলার কাটাবুনিয়া গ্রামে খোলা মাঠে চরতে থাকা একটি গরুর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই সেটি মারা যায়।
গরুর মালিক সাইফুল ইসলাম জানান, কষ্ট করে গরুটি লালন-পালন করছিলেন তিনি, যাতে কোরবানির সময় বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু হঠাৎ এ ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে, যা মানুষ ও গবাদিপশুর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সচেতন মহল জানায়, বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান এবং গাছের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় গবাদিপশুকে নিরাপদ স্থানে রাখার জন্য খামারিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।








