সুবর্ণচরে সয়াবিনের জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উন্নত জাতের সয়াবিন চাষ সম্প্রসারণের লক্ষ্যে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা সয়াবিন-৬, বিনা সয়াবিন-৭ ও বারি সয়াবিন-৫ জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের ফলাফল কৃষকদের সামনে তুলে ধরা হয়।
গতকাল সোমবার (৪ মে ২০২৬) বিকেল ৩টায় উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের কাজল মার্কেট সংলগ্ন কৃষক গোলাম সারোয়ারের জমিতে এ মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুবর্ণচর উপকেন্দ্র। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা সুবর্ণচর উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিয়াস হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম সিদ্দিকী, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন নিজাম এবং কৃষক নেতা রাশেদ ইকবালসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা উন্নত জাতের সয়াবিন চাষ, মানসম্মত বীজ সংরক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, বিনা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত এসব সয়াবিন জাতের বিস্তার কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি তেলজাতীয় ফসলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাঠ দিবসে প্রদর্শিত প্লটের কৃষক গোলাম সারোয়ার জানান, বিনা সুবর্ণচর উপকেন্দ্রের সহায়তায় তিনি তার ৮ একর জমিতে এসব উন্নত জাতের সয়াবিন চাষ করে সন্তোষজনক ফলন পেয়েছেন। এতে তিনি লাভবান হওয়ার পাশাপাশি মানসম্মত বীজ উৎপাদনেও সক্ষম হয়েছেন। ভবিষ্যতে স্থানীয় কৃষকদের মাঝে এ বীজ সরবরাহের মাধ্যমে এলাকায় সয়াবিন চাষ আরও সম্প্রসারণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষকদের সরাসরি জমিতে নিয়ে ফসলের বর্তমান অবস্থা দেখানো হয় এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়। এতে উপস্থিত কৃষকদের মধ্যে উন্নত জাতের সয়াবিন চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।














