সুবর্ণচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাবেদ গ্রেপ্তার
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদক বেচাকেনা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে জাবেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার চরজুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামের পঞ্চায়েত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আবুল মিয়া ও ছালেয়া খাতুন দম্পতির ছেলে।
পুলিশ জানায়, জাবেদের বিরুদ্ধে তার মায়ের লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি ও তার সহযোগীরা বসতবাড়িকে কেন্দ্র করে মাদক বেচাকেনা ও আইনবিরোধী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন। বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া গত ২৭ মে সংঘবদ্ধভাবে বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, জাবেদের বিরুদ্ধে এ অভিযোগ ছাড়াও বিস্ফোরক ও মারামারির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।






















