টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে টেকনাফ থানার হ্নীলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার চালান জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে মাদক পাচারকারীদের কার্যক্রম আরও কঠিন হয়ে উঠবে।





















