হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতক কন্যাশিশুকে। গভীর রাতে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করেন হাসপাতালের নার্স ও রোগীর স্বজনরা।
গভীর রাত। চারদিকে যখন নিস্তব্ধতা, ঠিক তখনই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেসে আসে এক নবজাতকের কান্নার শব্দ। শব্দের উৎস খুঁজতে গিয়ে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় সদ্যোজাত এক কন্যাশিশুকে।
গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে কান্নার শব্দ শুনে নিচে ছুটে আসেন কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকটির জন্ম এই হাসপাতালে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও জন্মের পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে হাসপাতালের ডাস্টবিন এলাকায় ফেলে রেখে যায়।
বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, কে বা কারা এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া নবজাতকটির প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















