ধুনট–শেরপুরে নারী–শিশু অধিকার সমাবেশ
ধানের শীষে বিজয়ের আহ্বান সেলিমা রহমান ও নিপুন রায়ের
- আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
বগুড়া-৫ ধুনট–শেরপুর নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজকে সমর্থন জানিয়ে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক নির্বাচনী অগ্রাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
বেগম সেলিমা রহমান বলেন, “এখানে উপস্থিত নারীদের কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী—সবাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেতা তারেক রহমানের জন্মভূমি বগুড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি অতীতেও কাজ করেছে, আগামীতেও করবে।
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “একটি দল জনগণের কাছে বেহেশতের টিকেট বিক্রি করছে। অথচ বেহেশত দেওয়ার মালিক আল্লাহ ও ভগবান। কোনো রাজনৈতিক দল কি কাউকে বেহেশত দিতে পারে?”
তিনি অভিযোগ করেন, একটি দল নারীদের পায়ে শিকল পরাতে চায়।
“তারা নারীদের ৫ ঘণ্টা কাজের কথা বলছে, যেখানে আইন অনুযায়ী ৮ ঘণ্টা কাজের নিয়ম। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকরা কি এই শর্তে নারীদের চাকরি দেবে?”—প্রশ্ন তোলেন তিনি।
ধানের শীষের প্রার্থী গোলাম মোঃ সিরাজ বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হিন্দু–মুসলমান বিভাজন করেছে। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকার পতন হলে কয়েক লাখ মানুষ মারা যাবে। কিন্তু সরকার পতনের পর একজন মানুষও মারা যায়নি।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সাধারণ মানুষ নিরাপদেই থাকবে। তবে যারা লুটেরা, যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত—তাদের কোনো ছাড় নেই।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী রহমান,উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আক্তার মিষ্টি, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।












