তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন একেএম আব্দুস ছামাদ মিয়া। তিনি নির্বাচিত হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
একেএম আব্দুস ছামাদ মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি।”
তিনি বলেন, “নির্বাচিত হলে সবার আগে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
ছামাদ আরও বলেন, “আমি বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই কোনো ধরনের বৈষম্য ছাড়াই সবার জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার। তরুণদের দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক, স্মার্ট ও উন্নত ইউনিয়ন গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।”
তিনি বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ, আপনাদের বিশ্বাস ও সহযোগিতায় একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি।
















