একই পরিবারের তিন দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের তিন দৃষ্টি প্রতিবন্ধীর সফল চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে এ অস্ত্রোপচার করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ মোট ১৪ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাকি ১১ জনের অস্ত্রোপচার প্রয়োজন।
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতির ভিত্তিতে প্রথম ধাপে তিনজনের চোখের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। আগামীকাল তাদের চোখের ব্যান্ডেজ খুলে দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি আটজনের ক্ষেত্রেও পরিবারের সম্মতির ভিত্তিতে পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম ধাপের রোগীদের অগ্রগতি পর্যবেক্ষণের পর পরিবারের মতামত অনুযায়ী পরবর্তী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল অন্য সদস্যদেরও চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে।

















