প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খান। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ১৯ জুলাই জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, রাশেদ খানের নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর দায়িত্বকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে দলটি ছেড়ে বিএনপিতে যোগ দেন।
এদিকে রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

















