শিবচরে ইয়াবাসহ তিনজন আটক
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ বেপারি কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ বেপারি কান্দি গ্রামের মৃত মোসলেম খাঁর ছেলে মো. আজাহার খাঁ (৪৫), জাহাঙ্গীর ফরাজীর ছেলে মো. নিজাম ফরাজী (৩০) এবং শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের হিরুন চৌকিদারের ছেলে মোস্তফা চৌকিদার (২৪)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শিবচরে অভিযান চালায় ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল লতিফ বেপারি কান্দি এলাকায় দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”















