কুড়িগ্রামে ১০ ফুটের অজগর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকালে লোকালয়ের পাশে অজগরটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। এ সময় উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকে সাপটির ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয়দের দাবি, এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। সাপটি উদ্ধারের আগ পর্যন্ত শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে এটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
বন বিভাগ জানায়, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে রাখা বা অবমুক্ত করা যায়।















