কুড়িগ্রামে অভিযানে ১৭৪ চায়না দুয়ারি ও ৫২ কারেন্ট জাল ধ্বংস
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে অবৈধ কারেন্ট জাল ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে ১৭৪টি চায়না দুয়ারি ও ৫২টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জেলার ৯টি উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার, বিক্রি, সংরক্ষণ ও মজুদ বন্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) এবং ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘন করে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে একাধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির মতো ধ্বংসাত্মক জাল নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ নিধন করছে। মৎস্যসম্পদ রক্ষা জাতীয় দায়িত্ব। অবৈধ জালের ব্যবহার ও ব্যবসার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অংশ নেয়।
জেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















