চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক মামলার সাত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকও জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে চারটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে সদর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন, শিবগঞ্জ থানা এলাকা থেকে ৭০ বোতল স্কাফ সিরাপ, ভোলাহাট থানা এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রম গড়ে উঠতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জেলার মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাবে।
















