জুলাই জাগরণ পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই জাগরণ পদযাত্রা-২০২৬’ সফল করতে হবিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্রের ধারাবাহিকতা, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জনমত গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৮ জুলাই জেলার দুটি স্থানে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
গতকাল রোববার হবিগঞ্জ শহরের স্কাই কিং হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টায় হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে তিনকোনা পুকুরপাড়, রাজনগর, পিটিআই রোড, মাছিয়া বাজার, চৌধুরী বাজার ও ডাকবাংলা এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাইমুল হুসাইন টাউন হলের সামনে সমাপনী পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কেবল একটি রাজনৈতিক পদযাত্রা নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পুনর্ব্যক্ত এবং গণতন্ত্রের ধারাবাহিকতা, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনগণের কাছে পৌঁছানোর একটি গণসংযোগমূলক কর্মসূচি।
এ সময় আরও জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারাদেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল আহমেদ এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মাহবুবুর বারী চৌধুরী (মুবিন)-কে দলের মনোনীত প্রার্থী করা হয়েছে। আগামী ২৮ জুলাইয়ের কর্মসূচি এসব প্রার্থীর পরিচিতি ও গণসংযোগ কার্যক্রমেরও অংশ হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ত নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, উন্নয়নমুখী ও সমৃদ্ধ হবিগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জুলাই জাগরণ পদযাত্রা বাস্তবায়ন কমিটি-২০২৬, এনসিপি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহবুবুর বারী চৌধুরী (মুবিন) এবং সদস্য সচিব ওয়াহিদ মাহমুদ চৌধুরী শামীম। তারা গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।












