ডাকঘরে অর্থ আত্মসাতের অভিযোগে রাজবাড়ীতে গ্রাহকদের মানববন্ধন
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত আমানতের টাকা ফেরত দেওয়ারও দাবি জানান।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন। বক্তব্য দেন মো. সেলিম, শরিফ শেখ, রাবেয়া বেগমসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা সংগ্রহ করেন। পরে সেই অর্থ ডাকঘরের সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করে তিনি পলাতক হন। তারা এ ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসের সম্পৃক্ততারও অভিযোগ তোলেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অবিলম্বে তাদের আমানতের অর্থ ফেরত এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাক বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।















