ভরণপোষণ না পেয়ে ৯৭ বছরের বৃদ্ধের থানায় অভিযোগ
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভরণপোষণ না পাওয়া ও নির্যাতনের অভিযোগে নিজের সন্তানদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ। অভিযোগে তিনি জানান, সন্তানদের অবহেলায় বাধ্য হয়ে ভিক্ষা করে জীবনযাপন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৯৭) মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করছেন না।
বৃদ্ধের অভিযোগ, বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তাঁর দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে জীবিকার তাগিদে তাঁকে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি অভিযোগে বলেন, বয়সের ভারে ন্যুব্জ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণপোষণ নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অলী বিশ্বাস বলেন, অভিযোগের কিছু অংশ সত্য। তবে তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















