৯৯৯-এ কলের পর হামহাম থেকে ১০ পর্যটক উদ্ধার
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
সোমবার (২০ জুলাই) সকালে শিক্ষার্থীদের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। পথে তাদের একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে না পেরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।
বিকেল ৩টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য সবাই সুস্থ রয়েছেন।

















