ঈশ্বরদীতে ছাগল গাছ খাওয়ার জেরে নিহত ১
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ছাগলে সজনে গাছ খাওয়াকে কেন্দ্র করে উপজেলায় দুই প্রতিবেশীদের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারি মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে, এঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন সাহাপুর পুর্ব পাড়ার মৃত আজু প্রামাণিকের ছেলে এবং প্রতিবেশী আবুল বাশার মুন্সিকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিহত মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সীর সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে আজ বেলা ১২ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন, এ সময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এঘটনায় জড়িত সন্দেহ আবুল বাশার মুন্সিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
















