দৌলতদিয়া কেন্দ্রীয় টার্মিনাল জামে মসজিদে লাশ বহনের খাটিয়া ও গোসলের টেবিল উপহার
- আপডেট সময় : ২৮৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে মানবিক উদ্যোগ হিসেবে দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে লাশ বহনের খাটিয়া ও গোসলের জন্য টেবিল উপহার দিয়েছেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রানা। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
এ-সময় ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মান্নান মিয়া, ইমাম মুফতি হোসাইন, গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজসহ স্থানীয় মুসল্লিগণ।
উপহার প্রদান শেষে আমিনুল ইসলাম রানা বলেন, আমি জানতে পারলাম যে দৌলতদিয়া টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে মৃতদেহ বহন ও গোসল করানোর জন্য খাটিয়া ও টেবিল নেই। তখন আমার মনে হলো আমিও একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুর পর যেন আমারও এই জিনিসগুলো ব্যবহৃত হতে পারে, আর মানুষের উপকারে আসে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এগুলো দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন এই ছোট উদ্যোগকে কবুল করেন।
এসময় মসজিদের ইমাম মুফতি হোসাইন বলেন, আমাদের মসজিদে আগে খাটিয়া ও গোসলের টেবিল ছিল না। ফলে মৃতদেহ এলে অন্য মসজিদ থেকে এনে ব্যবহার করতে হতো। এখন থেকে সেই সমস্যায় পড়তে হবে না। এতে আমাদের অনেক উপকার হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দাতা ব্যক্তিকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন এবং তার এই দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল করেন।
স্থানীয় মুসল্লিগণ এ উদ্যোগকে মানবিক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করে দাতা ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















