মুক্তাগাছায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের দাবি
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এখনই জলবায়ু পদক্ষেপের সময়’ স্লোগান ধারণ করে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অভিযোজন সক্ষমতা জোরদারে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে সৌর, বায়ু ও পানি থেকে উৎপাদিত পরিচ্ছন্ন, সহজলভ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবি জানান তারা।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে আইনি ঘাটতি, বিদ্যমান আইনের সীমিত প্রয়োগ এবং পরিবেশবান্ধব বিনিয়োগ অবকাঠামোর অভাব বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সনাক সদস্য ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইয়েস সদস্য ও সাবেক দলনেতা খুশনুর আলম। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য মোহাম্মদ আবু নাইম।
মানববন্ধনে সনাক মুক্তাগাছা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংশ্লিষ্ট অংশীজনের জন্য ১২ দফা সুপারিশ তুলে ধরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, সংশ্লিষ্ট যন্ত্রপাতির স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো, পরিবেশ আদালত আইন সংশোধন, পরিবেশবিষয়ক অপরাধ দমনে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, জলাভূমি দখল ও বন উজাড় বন্ধ, প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল প্রণয়ন এবং জ্বালানি ও পরিবেশ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
কর্মসূচিতে সনাক, ইয়েস গ্রুপ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।##

















