লালপুরে ৬ দফা দাবিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ইটভাটার লাইসেন্স নবায়ন, কাঁচামাল সংগ্রহ ও পরিবহনে প্রশাসনিক জটিলতা নিরসন সহ ৬ দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইট ভাটা মালিকরা। শেষে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা।
লালপুর ইউুরয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা ইট প্রস্তুতকারি ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, প্রতিবছর সরকারকে হাজার হাজার টাকা ভ্যাট, ট্যাক্স প্রদান ছাড়াও লালপুর উপজেলার অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানে ইটভাটাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। উপজেলার ৪২ টি ইটভাটায় হাজার হাজার শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাদের পরিবারগুলো ইটভাটা থেকে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু প্রশাসনিক জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা সহ লাইসেন্স নবায়নে হয়রানির কারণে ২২ টা ইটভাটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি ইটভাটা গুলোও বন্ধের উপক্রম। আমরা সরকারের সকল নির্দেশনা মোতাবেক ইটভাটা চালু রাখার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইট প্রস্তুতকারি ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম ময়েন, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সাকিব আহমেদ, ইকবার হোসেন প্রমুখ।


















