সোনাইমুড়ীতে ধর্ষণের শিকার শিশুটির খবর কেউ রাখেনি! জামিনে অভিযুক্ত
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
মাদ্রাসায় পড়ুয়া ৭ বছরের মেধাবী শিক্ষার্থী রাহেলা (ছদ্মনাম) ঘটনার দিন বিকালে প্রতিবেশীর বাসায় ইফতারি নিয়ে যাচ্ছিলো। কিন্তু বেশ কিছু সময় পর তাকে রক্তাক্ত ও টালমাটাল অবস্থায় বাড়ির পথে ফিরতে দেখেন তার মা। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে ভর্তি করা হয় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। জ্ঞান ফিরলে প্রতিবেশী এক দোকানদার কর্তৃক বীভৎস যৌন নির্যাতন ও হামলার ঘটনা তুলে ধরে শিশুটি। এই ঘটনা গত বছরের ২২ মার্চ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নদনা এলাকার।
সেসময় বীভৎস যৌন নির্যাতন ও নৃশংসতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিচারের দাবিতে তখন শুরু হয় সড়ক অবরোধ ও আন্দোলন। পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনাটি ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করে যা দেশের অধিকাংশ গণমাধ্যমে স্থান পায়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৪ মাস। অথচ আজ সেই প্রধান অভিযুক্ত রেজাউল করিম বাদশা মুক্ত বাতাসে, আর ভুক্তভোগী শিশুর দিন কাটাচ্ছে আতঙ্কে।
ভুক্তভোগী শিশু জানায়, মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় অভিযুক্ত বাদশাকে দেখলে সে এখন ভয়পায়।
“মাগুরার আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনার কয়েকদিন পর আমার ৭ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের বিচারের দাবিতে সেসময় সোনাইমুড়ীতে বিক্ষোভ হয়। বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের পাশে থাকার অঙ্গীকার করেন অনেকে। তবে এর পর আর কেউ খোঁজ রাখেনি। আছিয়ার মত আমাদেরকেও ভুলে গেছেন সকলে।” কান্নায় ভারি হয়ে আসা কন্ঠে কথাগুলো বলছিলেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা।
শিশুটির মা জানান, বহুবিবাহ ও নির্যাতন করায় দীর্ঘদিন স্বামীর সাথে সম্পর্ক নেই তার। দুই শিশু সন্তান নিয়ে কোন রকমে দিন পার করছেন মায়ের বাড়িতে। গ্রামে হাঁস-মুরগির ডিম বিক্রি করে কোন রকমে চলে সংসার। এর ভেতরে মামলা আর আদালতে প্রতি হাজিরায় আইনি খরচ অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মামলার শুরুতে দুটি তারিখে শুধু আইনজীবীকে দিতে হয়েছে প্রায় ৪ হাজার টাকা। পরের তিন হাজিরায় উপস্থিত হতে পারেননি। এর পরই জামিন হয়ে যায় অভিযুক্তের। আগামী ২৯ জুলাই হাজিরা রয়েছে সেদিনের জন্য ৫ হাজার টাকা দাবি করেছেন আইনজীবী। কিভাবে পরিশোধ করবেন জানেননা তিনি।
ডিএনএ টেষ্টের দাবি জানিয়ে তিনি বলেন, আমার মেয়ের বাম পায়ের রানের পেছনের অংশে ধারালে কিছু দিয়ে গভীর গর্ত করে সেখানে ধর্ষক তার বাসনা চরিতার্থ করেছে। মেয়ের পরিহিত সেই সময়ের পায়জামাতে রক্ত ও ধর্ষকের বীর্যের চিন্হ রয়েছে। থানা পুলিশের কাছে সেই পায়জামাটি দেওয়া হয়েছিলো। যার ল্যাব পরিক্ষা হলে সহজেই এই জঘন্য কাজের সাথে যুক্তদের অপরাধ প্রমানিত হবে।
গত বছরের ২৭ মে সংশ্লিষ্ট হাসপাতালের গাইনি বিভাগের ডা. তাহমিনা আক্তারের সই করা প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে জোরপূর্বক শারীরিক সম্পর্কের স্পষ্ট প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের দেওয়া ফরেনসিক প্রতিবেদনের তথ্য বলছে, সেসময়ে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা, প্যাথলজিক্যাল, সনোগ্রাফিক্যাল এবং রেডিওলজিক্যালসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। ভুক্তভোগীর শরীরে সাম্প্রতিক সময়ে জোরপূর্বক শারীরিক সম্পর্কের (ধর্ষণ) স্পষ্ট লক্ষণ ও আলামত পাওয়া যায়। ভুক্তভোগীর শরীরে একাধিক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিলো। ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর অংশে (পেরিনিয়াম এলাকায়) ধারালো অস্ত্রের আঘাতের কারণে প্রায় ৫ সেন্টিমিটার দীর্ঘ একটি গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সেখান থেকে প্রায় ৩ সেন্টিমিটার অংশ ছিলে গেছে। এছাড়া, শারীরিক নির্যাতনের কারণে ভুক্তভোগীর পেটের বাম পাশে প্রায় ১১ দ্ধ ৫ সেন্টিমিটার আয়তনের একটি বড় কালশিটে বা কালো দাগের সৃষ্টি হয়। এর আগে প্রাথমিক ইনজুরি রিপোর্টেও ভুক্তভোগীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের কথা উল্লেখ করা হয়েছিল।
এই বিষয়ে আইনজীবী কল্পনা রানী দাস জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। শুরুতে তিনি এই মামলার দায়িত্বে ছিলেন। ভুক্তভোগী শিশুকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন। দুটি হাজিরায় তিনি মুভ করেছেন। পরে শিশুটির মা ওই মামলাটি তাদের পরিচিত একজন আইনজীবীর কাছে দিয়েছেন।
নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক রৌশন আক্তার লাকির সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা জানতে পেরে নোয়াখালী নারী অধিকার জোটের পক্ষ থেকে হাসপাতালে গিয়েছিলেন। সামান্য কিছু সহযোগিতা করা হয়েছিলো। পরে আইনি সহায়তা দেওয়ার জন্য পরিবারটির দেওয়া মুঠোফোন নাম্বার যোগাযোগ করা হলেও তা রিসিভ হয়নি। ভুক্তভোগী পরিবার চাইলে নোয়াখালী নারী অধিকার জোট সহযোগী করবে বলেও যুক্ত করেন তিনি।
















