ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের ১১টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
বুধবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের ১১টি পরিবারের প্রত্যেকের হাতে ৭ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাইম, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাঁরা নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন জানায়, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও জেলা প্রশাসকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।















