দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের একজন আমিনুল ইসলাম জানান, দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে ১৩ জন শ্রমিক কুমিল্লা ও ফেনীতে কাজের উদ্দেশ্যে চালবোঝাই ট্রাকে করে রওনা হন। ট্রাকটি প্রথমে চালক চালালেও মেঘনা এলাকায় পৌঁছানোর পর হেলপার গাড়ির স্টিয়ারিং ধরে। পরবর্তীতে দাউদকান্দি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।নিহতদের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন—
মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), পিতা: আজাদ; সোহরাব হোসেন (৪০), পিতা: আলম; সালেক (৪৫), পিতা: ফজলুর রহমান; সুমন (২১), পিতা: পলাশ; বিষু (৩৫), পিতা: অজ্ঞাত; আবু হোসেন (৩০), পিতা: মজিরুল ইসলাম; আব্দুর রশিদ (৫৫), পিতা: রকিবুল্লা।
তাদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। দাউদকান্দি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
















