‘শিক্ষার প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে’
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিগত সরকার আমলে শিক্ষা ব্যাবস্থা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছিল।শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সন্ত্রাস ও মাস্তান নির্ভর।পরীক্ষাগুলোতে প্রকাশ্যে নকলের মহোৎসব চলতো। বর্তমান সরকারের স্বল্প সময়ে পাবলিক পরীক্ষাগুলো সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এতে মেধার বিকাশ ঘটছে এবং শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি ও কর্মপন্থা ˆতরীতে সচেষ্ট হচ্ছে। যে কোন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী ও অভিভাবকরা সচেতন হলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা অসম্ভবপর নয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশ বিদেশে নানা পর্যায়ে দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠান একদিন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে ভার্চুয়ালী যুক্ত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুকের সভাপতিত্বে ও হাজী মো. ইব্রাহীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ও মুছাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তানিম রহমান।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশায়েদুর রহমান মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক আবদুর রহিম, বিএনপি নেতা আলমগীর মিঞা, আবদুল মোতালেব, সাবেক শিক্ষার্থী ডাক্তার তৌহিদুল আলম পলাশ, পুলিশ কর্মকর্তা শেখ কামাল, মাদরাসা শিক্ষক মাহমুদুর রহমান হিমেল প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আতিক উল্যা, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মজুমদার, সহকারী শিক্ষক আবুল কাশেমকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।















