রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
- আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার শ্রমিক। আজ রোববার সকাল ১০ টা থেকে শুরু হওয়া মানববন্ধন চলে দুপুর ১ টা পর্যন্ত। এসময় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের রামগতি উপজেলা পরিষদের সামনে তিনঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দীর্ঘ তিনঘণ্টা ধরে চলা মানববন্ধনে শ্রমিকরা জানান, রামগতিতে ৪৪টি ইটভাটা থাকলেও ইতোমধ্যে বিভিন্ন কারণে ৭ টি ইটভাটা বন্ধ হয়ে গেছে। এসব ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে প্রায় ৫০ হাজার লোক। আর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এ শিল্পে জড়িত রয়েছে আরও ৪০ হাজার লোক। সব মিলিয়ে প্রতি বছর লক্ষাধিক মানুষের আয় রোজগারের একমাত্র মাধ্যম ইটভাটাগুলো। ইটভাটার যেমন ক্ষতিকর দিক রয়েছে, তেমনি উপকারের দিক বিবেচনায় করে এ শিল্পকে সরকারের নীতিমালার আওতায় এনে বৃহত্তর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার দাবি জানান তারা।বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, এ অঞ্চলে বর্তমানে কোন কাজকর্ম নেই। ভাটাগুলো বন্ধ হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। এঅবস্থায় সরকার ও প্রশাসনের মানবিক দৃষ্টি কামনা করেন তারা। অন্যথায় তাদের জীবিকা নির্বাহের এই মাধ্যমটি কোন ভাবেই বন্ধ করতে দিবেনা শ্রমিকরা। এসময় কাফনের কাপড় পরিধান করে রাস্তায় বসে পড়েন তারা।ভাটার মালিকরা বলেন, হঠাৎ করে দেশীয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তে চরম বেকারত্বের ঝুঁকিতে পড়বে ইটভাটার সাথে জড়িত এ অঞ্চলের প্রায় লক্ষাধিক শ্রমিক। তারা ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা ব্যায় করে ফেলেছেন। ভাটাগুলো বন্ধ হলে তাদের আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই। সে দিক বিবেচনা করে ইটকে শিল্প হিসেবে নিয়ে নীতিমালার আওতায় আনা জরুরি বলে মনে করছেন তারাও।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ইটভাটা মালিক, হাজী খলিল, রাসেল, আল আমিন ও বাবুল সহ ইটভাটার ১০ জন মালিক।




















