‘শুধু ভালো ছাত্রই নয়, ভালো মানুষও হতে হবে’
- আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই স্বশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করি, পিএইচডি করি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কিন্তু কারও কারও নৈতিকতার মানোন্নায়নের অভাবের কারণে আমরা ভালোভাবে কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিসয । শুধু ভালো ছাত্রই হওয়া বা রেজাল্টে ভালো হওয়াই যথেষ্ট নয়। বরং আমাদের সবাইকে ভালো মানুষও হতে হবে। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ক্যাডেট কলেজ ।
গত শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
দেশ সেবায় ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশ-জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের ৫০ ভাগ নারী হলেও তাদের ছাড়া দেশ ও জাতি উন্নয়নের উচ্চশিখরে পৌঁছাবে এটা ভাবা ভুল। তাই নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (শুক্রবার) আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এর আগে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।
প্রাক্তন ক্যাডেটদের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।
এম.এ. জলিল রানা,জয়পুরহাট: ১৫ নভেম্বর-২০২৫।




















