মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হত্যাচেষ্টায় হামলা, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় সৌদি প্রবাসী রফিকুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত সবুজ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রবাসী রফিকুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
হামলার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার ১২ বছর বয়সী ছেলে রিয়ান ছৈয়াল। ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার রাকিব ও সবুজ মোল্লার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক বিরোধ চলছিল। পরিবারের দাবি, বিদেশে ব্যবসার কথা বলে কয়েক লাখ টাকা নেওয়ার পর তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সবুজ মোল্লা, রাকিবসহ একদল সশস্ত্র ব্যক্তি রফিকুল ইসলামের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার ছেলে রিয়ান ঘুম থেকে জেগে উঠলে হামলাকারীদের ছোড়া গুলিতে সেও আহত হয়।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও তার ছেলেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রফিকুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।
ঘটনার পর রফিকুল ইসলামের মা মর্জিনা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় সবুজ মোল্লা, রাকিবসহ কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার বিচার দাবি করেছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এসআই খালেদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজন হত্যা মামলার আসামিও ছিলেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ, অস্ত্রের উৎস এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত সবুজ মোল্লার বিরুদ্ধে এর আগেও হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। প্রবাসীর ওপর এ নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

















